১০ আগস্ট, ২০২৬ ২১:৫৯
এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডের ইংলিশ ভার্সনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫-এর হার অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেসিইএসসি)।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৭৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়। তাদের মধ্যে ৭৪ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আরিফুর রহমান বলেন, নিয়মিত পাঠদান, বিষয়ভিত্তিক অনুশীলন, ধারাবাহিক মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ একাডেমিক সহায়তা এবং পরীক্ষাভিত্তিক নিবিড় প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি একাডেমিক শিক্ষার বাইরে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
আপনার মন্তব্য