শ্রীমঙ্গল প্রতিনিধি

২৫ জুন, ২০১৮ ২৩:০৪

শ্রীমঙ্গলে শেষ হল চায়ের দ্বিতীয় নিলাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দ্বিতীয় নিলাম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ জুন) সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শ্রীমঙ্গলের খান টাওয়ার নামক স্থানে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালনায় এ চা নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এ নিলামে  আজ ১২ লাখ ৮৮ হাজার ৬৫০ কেজি চা তোলা হয়। এর মধ্যে ১২ লাখ কেজি চা বিক্রি হয়। সর্বোচ্চ ৩০০ টাকা ও সর্বনিম্ন ১৮০ টাকা দামে এসব চা বিক্রি হয়। যার গড় দাম ২৮০ টাকা।

এই নিলামে ন্যাশনাল ব্রোকার্স হাউজ, ইউনাইটেড ব্রোকার্স হাউজ, পূর্ববাংলা ব্রোকার্স হাউজ, কেএস বোকার্স হাউজ, পজিটিভ ব্রোকার্স হাউস, প্লান্টার্স ব্রোকার্স হাউস, প্রডিউস ব্রোকার্স হাউস অংশগ্রহণ করে। উৎপাদনকারী প্রতিষ্ঠান এম এম ইস্পাহানী, আবুল খায়ের গ্রুপ, ম্যাগনোলিয়া টি, এইচআরসিটি, লিভার ব্রাদার্স ফ্রেশ টিসহ দেশের বড় বড় প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক ক্রেতা এতে অংশগ্রহণ করে।

গত ১৪ মে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে প্রথম চা নিলাম কার্যক্রম শুরু হয়। সে সময় ৫ লাখ ৫৭ হাজার কেজি চায়ের সবগুলো বিক্রি হয়।

টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব জহর তরফদার বলেন, দ্বিতীয় নিলামে আশানুরূপ চা বিক্রি হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত