কমলগঞ্জ প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০১৮ ১৭:৩১

লাউয়াছড়া থেকে ৩ লক্ষাধিক টাকার সেগুন গাছ পাচার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গত ৭ দিনে তিন লক্ষাধিক টাকার সেগুন গাছ পাচার হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার গভীর রাতে সংঘবদ্ধ চোরদল লাউয়াছড়া জাতীয় উদ্যানের মেইন গেইটের পার্শ্ববর্তী স্থান থেকে প্রায় ৬ ফুট বেড় সম্পন্ন ১টি সেগুন গাছ কেটে নেয়।

এক সপ্তাহ আগে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ১নং গেট সংলগ্ন গাড়ি ভাঙ্গা নামক স্থান থেকে একই বেড়ের আরেকটি মূল্যবান সেগুন গাছ কেটে নেয় গাছচোরেরা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা (বন বিভাগ) গাছের কিছু অংশ উদ্ধার করেছি তবে কোন বনদস্যু (গাছচোর) ধরতে পারিনি।

বন বিভাগের কেউ এ ঘটনার সাথে জড়িত কি না জানতে চাইলে তিনি বলেন, বন বিভাগের কারো সম্পৃক্ততার প্রমাণ পাননি। উদ্ধারকৃত গাছের অংশ দিয়ে তারা অজ্ঞাতনামা বনদস্যুকে আসামি করে বন আইনে একটি মামলা করবেন বলে জানান।  

আপনার মন্তব্য

আলোচিত