কমলগঞ্জ প্রতিনিধি

২২ অক্টোবর, ২০১৮ ২২:৫৭

কমলগঞ্জে ৩৫০০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পরিষদের অর্থায়নে ৩ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে এই টিফিন বক্স বিতরণ করা হয়।
    
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা জয় হাজরা।

এসময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, কমলগঞ্জের প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া রোধে ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ইতিপূর্বে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স, শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার এক সাথে ৩০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হলো।

কমলগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে মানববন্ধন
এদিকে ‘নিজের নিরাপত্তা সর্বাগ্রে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সমূহে নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার সকাল সোয়া ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান সম্মুখে মানবপ্রাচীর ও মানববন্ধন করা হয়। এ সময়ে শিক্ষার্থীরা সড়কে চলাচলে নিজেদের নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায়।




আপনার মন্তব্য

আলোচিত