সনেট দেব চৌধুরী, কমলগঞ্জ

২৩ জুলাই, ২০১৫ ১৯:৪১

আইনী প্রক্রিয়ায় সালাহউদ্দিনকে দেশে ফিরিয়ে আনা হবে : কমলগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে সৌদি আরব থেকে সিলেটের চাঞ্চল্যকর রাজন হত্যা মামলার প্রধান আসামী কামরুল ইসলাম ও ভারতের মেঘালয়ে আটক বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতি সৌধ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মো: আসাদুজ্জামান খান কামাল এমন কথা জানান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ আইন শৃঙ্খলা উন্নয়নে জনবল বাড়াতে পুলিশ বিভাগে আরো ৫০ হাজার লোক নিয়োগ করা হবে।

দুই দিন ধরে মৌলভীবাজারে ভ্রমনের অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ পরিদর্শণ করে প্রষ্পার্পণ করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুষ্পার্পণ শেষে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)-এর স্থাপিত একটি দোতলা চৌকিতে উঠে ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্ত রেখা অবলোকন করেন।

বিজিবি কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রীকে ১৯৭১ সালের ২৮ অক্টোবর এ সীমান্তে যেখানে মরণপণ লড়াই করে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান শাহাদৎ বরণ করেছিলেন সেই স্থানগুলো দেখান।

এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ, শ্রীমঙ্গল বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম, বিজিবি ৪৬ ব্যাটেলিয়ন কমান্ডার লে: কর্নেল নাছির উদ্দিন, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোমিন তরফদারসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তার উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী মো: আসাদুজ্জামান খান আরও বলেন, প্রতিটি থানায় প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সাথে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের টহলে ও যাতায়াতেও প্রয়োজনীয় যানবাহন সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

সম্প্রতি মৌলভীবাজারের কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলীর দুর্নীতির অভিযোগ উত্থাপন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, এসব মন্তব্য তাঁর (সমাজকল্যান মন্ত্রীর) নিজের। এখানে আমার কিছু বলার নেই।

 

আপনার মন্তব্য

আলোচিত