হবিগঞ্জ প্রতিনিধি

০৮ আগস্ট, ২০১৫ ২১:৫৬

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে কিশোরী নিহত, আহত ১০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বরক গ্রামে পুকুরের লিজ নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নাহিদা আক্তার (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে। নিহত নাহিদা ওই গ্রামের আফতাব আলীর মেয়ে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ বরক গ্রামের যৌথ মালিকানাধীন একটি পুকুরের লিজ নেয়াকে কেন্দ্র করে ওই গ্রামের মহিউদ্দিন মেম্বার ও আব্দুল মালেকের লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঈদের আগেও এনিয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থল নাহিদা মারা যায়। আহতদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৮ জনকে আটক করা হয়।

মাধবপুর থানার ওসি মোল্লা মনির জানান, পুকুরের ইজারাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত