সুনামগঞ্জ প্রতিনিধি

০৯ আগস্ট, ২০১৫ ১৭:২৩

সুনামগঞ্জে ওসির অপসারণ চেয়ে স্বেচ্ছাসেবক লীগের সড়ক অবরোধ

দলীয় নেতাকর্মীদের উপর মামলা দায়েরের প্রতিবাদে সুনামগঞ্জ সদর থানার ওসি গাজী শাখাওয়াত হোসেনের প্রত্যাহারের দাবি জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ।

রবিবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে তারা। এসময় নেতাকর্মীরা সদর থানার ওসির বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তাকে সুনামগঞ্জ সদর থানা থেকে দ্রুত অপসারণের দাবি জানান।

রবিবার বেলা ১২টায় জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে এই দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ক্ষুব্দ নেতাকর্মীরা। শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সদর থানার ওসি বিএনপি জামায়াতের কাছ থেকে মোটা অংকের ঘুষ খেয়ে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক মামলা দায়ের করছেন। সম্প্রতি জনস্বার্থে কথা বলায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফরহাদের বিরুদ্ধে চাদাবাজির মামলা দায়ের করে হয়রানি করছেন বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা বলেন, গাড়ি পোড়ানো মামলা, পুলিশের উপর হামলার আসামী বিএনপি জামায়াতের নেতাকর্মীরা জামিন না নিয়েই সদর থানার ওসিকে ঘুষ দিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করছেন। তিনি তাদের না ধরে আ'লীগের নেতাকর্মীদের হয়রানি করছেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রমা দাস, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা শ্রমিকলীগের সভাপতি ফজলুল হক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুব্রত তালুকদার, কলেজ ছাত্রলীগ সভাপতি মীর্জা রাকিব হাসনাত সুমন প্রমুখ।

বক্তারা বলেন, সদর থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন থানায় যোগ দেওয়ার পর টাকা খেয়ে মিথ্যা ঘটনাকে সত্য বানিয়ে হয়রানি মূলক মামলা রেকর্ড করছেন। প্রকাশ্যে ঘুষ নিয়ে তিনি আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেও মিথ্যা মামলা রেকর্ড করে হয়রানি করছেন। অবিলম্বে নেতাকর্মীদের উপর দায়ের কৃত মামলা প্রত্যাহার এবং ওসির অপসারণ না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত