নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০১৫ ১৮:১৬

রাজন হত্যা : কামরুলকে পলাতক দেখিয়েই অভিযোগপত্র দিলো পুলিশ, আসামী ১৩

প্রধান অভিযুক্ত কামরুল ইসলামকে পলাতক দেখিয়ে সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অভিযোগপত্র প্রদান করেছে পুলিশ। আজ বিকেলে ১৩ জনকে আসামী করে আলোচিত এই হত্যা মামলার অভিযোগপত্র প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।

রাজন হত্যার এক মাস ৮ দিন পর এ অভিযোগপত্র প্রদান করা হলো। গত ৮ জুলাই সিলেটের কুমারগওয়ে বর্বোরোচিতভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় রাজনকে।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র রহমতউল্লাহ অভিযোগপত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট মহানগর হাকিম ফারাহানা মোবিনের আদালতে অভিযোগপত্র প্রদান করা হয়েছে।

আগেই গ্রেফতার হওয়া মুহিত আলম, আলী হায়দার, রুহুল আমিন, দুলাল আহমদ, নুর মিয়া, ময়না, আয়াজ আলী, বাদল, ফিরোজ ও আছমত আলীকে অভিযোগপত্রে আসামী করা হয়েছে।

এছাড়া মুহিতের ভাই শামীম আহমদ ও প্রত্যক্ষদর্শী পাভেলকে নতুন অভিযোগপত্রে আসামী করা হয়েছে। আসামী করা হয়েছে সৌদি আরবে আটক থাকা কামরুল ইসলামকেও। অভিযোগপত্রে কামরুল, শামীম ও পাভেলকে পলাতক দেখানো হয়েছে।

রহমতউল্লাহ জানান, এই ঘটনায় গ্রেফতার থাকা মুহিতের স্ত্রী লিপি বেগম ও শ্যালক ইসমাইল হোসেন আবুলসের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের আসামী করা হয়নি।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাওয়ে নৃশংস নির্যাতনে খুন করা হয় শিশু রাজনকে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গেফতার করেছে পুলিশ। এরমধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তবে এ হত্যা মামলার মূল অভিযুক্ত কামরুল ইসলাম সৌদি আরবে আটক হলেও তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। কামরুলকে পলাতক দেখিয়েই অভিযোগপত্র প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত