নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০১৯ ২০:১৬

প্রথম আলো বন্ধুসভা সিলেটের ‘একজন বন্ধু, দুটি গাছ’ কর্মসূচি

‘বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণের বিকল্প নাই’ আহ্বান জানিয়ে প্রথম আলো বন্ধুসভা সিলেটের সদস্যরা তৃতীয় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।

‘একজন বন্ধু, দুটি গাছ’ স্লোগান নিয়ে গত শুক্র ও শনিবারে বৃক্ষরোপণ কর্মসূচিতে নগরের বিভিন্ন এলাকার সড়ক বিভাজকে প্রায় ৩৫০ গাছের চারা রোপণ করেন সিলেট বন্ধুসভার সদস্যরা।

শুক্রবার (২০ জুলাই) নগরের পাঠানটুলা এবং শহরতলির বাদাঘাট ও সিরাজনগর এলাকায় ১৫০টি ভেষজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।

শনিবার ( ২১ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় সড়ক বিভাজকে ২০০টি গাছের চারা রোপণ করেন সিলেট বন্ধুসভার সদস্যরা। এসময় তাদেরকে সহযোগিতা করেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা। সিলেট বন্ধুসভার এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামী ৩১ জুলাই পর্যন্ত চলমান থাকবে।



এ ব্যাপারে প্রথম আলো সিলেট বন্ধুসভার সভাপতি শাহ সিকান্দার শাকির বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ হচ্ছে বৃক্ষ নিধন। সারা বিশ্বেই বৃক্ষ রোপণের চেয়ে বৃক্ষ নিধন বেশি হয়। তাই আমরা নিজেরা ভালো ভাবে বেঁচে থাকার জন্য ও আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য এই বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান রেখেছি। বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই, তাই বাঁচতে হলে সবাইকে বৃক্ষ রোপণ করতে হবে।

সভাপতি শাহ সিকান্দার শাকির আরো বলেন, আমাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচী নগরের অনেক ব্যক্তি-বর্গের কাছে ভালো লেগেছে। তাই অনেকেই খুশি হয়ে আমাদেরকে গাছের চারা উপহার দিয়েছেন। আমাদের কাজে খুশি হয়ে ইতোমধ্যে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা আমাদেরকে ১৫০টি গাছের চারা দিয়েছেন। ভবিষতে আরো চারা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তারা। আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সবার অংশগ্রহণ আমাদের এই কার্যক্রমকে আরো বেগবান করবে। 

দুই দিনের আয়োজনে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোখলেছুর রহমান কামরান, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আমির হোসেন, সহসভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবলু আহমেদ, সহসাধারণ সম্পাদক বিন আমিন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, প্রথম আলো সিলেট বন্ধুসভার সভাপতি শাহ সিকান্দার শাকির, সাধারণ সম্পাদক দেবাশীষ রনি, সাংগঠনিক সম্পাদক সৌরজিৎ রায়, বন্ধু জাহাঙ্গীর আলম শিমুল, তামান্না ইসলাম, রাহিদুজ্জামান রাজীব, মিহরাব আহমদ চৌধুরী, অন্তর শ্যাম, জয়শ্রী মৌ, দৃষ্টি রানী বর্মন, বিশ্বজিৎ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত