০৩ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৫৯
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-সৈয়দপুর সড়কের কাকুড়া গ্রামের কাছে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে রিজা আক্তার (১৪) নামে এক কিশোরী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছেন তার মা-বাবা, ভাই-বোনসহ একই পরিবারের ৬ জন।
সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিজা আজমিরীগঞ্জ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বদরপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
গুরুতর আহত অবস্থায় নিহত রিজার ছোট বোন শিলা আক্তার (৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতরা হলেন- নিহতের বাবা ফরিদ মিয়া (৫০), মা সাহিনা আক্তার (৩৭), ছোট দুই ভাই মুহিদুল ইসলাম (৩), সাহেদুল ইসলাম (১), বোন সাবিনা আক্তার (৫)। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত ফরিদ মিয়া মিয়া জানান, তিনি সিলেট ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে কাজ করেন। সেই সুবাদে তিনি পরিবার নিয়ে ভোলাগঞ্জ থাকেন। সোমবার সকালে আজমিরীগঞ্জ নিজ বাড়ী থেকে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সিলেট ভোলাগঞ্জ যাচ্ছিলেন। তিনি ইনাতগঞ্জ বাজারে এসে একটি সিএনজিতে পরিবারের লোকজন নিয়ে উঠেন। বেলা অনুমান ১২টার দিকে সিএনজিটি উল্লেখিত স্থানে এসে পৌছলে অপরদিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান গাড়ি সিএনজিকে চাপা দিলে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করেন এবং দুর্ঘটনাস্থলেই রিজার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেছে।
এ সময় স্থানীয় লোকজন কাভার্ডভ্যানের চালক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোজারখলা গ্রামের মিলন মিয়ার ছেলে ফজু মিয়া (৩৫) ও হেলপার সিলেট জালালাবাদ থানার মইয়ারচর গ্রামের মজবিল আলীর ছেলে টিপু সুলতানকে আটক করে কাকুড়া গ্রামের দিলাল মিয়ার বাড়ীতে একটি রুমে তালাবদ্ধ করে রাখেন। পরে কাভার্ডভ্যানসহ দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সজলু মিয়া জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই এমরান হোসেন জানান, কাভার্ডভ্যান ও সিএনজি দুর্ঘটনায় রিজা আক্তারের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের ৬ জন। কাভার্ডভ্যানসহ চালক ফজু মিয়া ও হেলপার টিপু সুলতানকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য