নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:০১

দুদককে সম্পদের তথ্য না দিয়ে দণ্ডিত সুব্রত চক্রবর্তী

দুর্নীতি দমন কমিশন (দুদক) কে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা না করায় শাস্তির মুখে পড়তে হয়েছে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে।

দুদকের দায়ের করা অসহযোগিতা মামলায় মঙ্গলবার সিলেটের বিশেষ জজ আদালত রায় প্রদান করেন। রায়ে বিচারক আশফাকুর রহমান অভিযুক্ত সুব্রত চক্রবর্তীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, সুব্রত চক্রবর্তী জুয়েলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছিল দুদক। এজন্য তাকে নিজের সম্পদের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে নোটিশ করা হয়। একাধিকবার নোটিশের পরও তিনি প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেননি। এর ফলে নগরীর কোতোয়ালী থানায় মামলা করে দুদক (মামলা নং-১/১/৯/২০১৬)। ওই মামলায় মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

এ বিষয়ে সুব্রত চক্রবর্তী জুয়েল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ এনেছিলো দুদক তা আগেই নিস্পত্তি হয়ে গেছে। তারা আমার কাছে কিছু তথ্য চেয়েছিলো। কিন্তু আমি ভারতে চিকিৎসাধীন থাকায় এই তথ্যগুলো দিতে পারিনি। এই মামলায় আজ আদালত আমার বিরুদ্ধে রায় দিয়েছেন। আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।

আপনার মন্তব্য

আলোচিত