০৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৪৬
বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্টেশনকে আন্তর্জাতিক স্থলবন্দরে উন্নীতকরণে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল বুধবার দুপুরে বিশ্বব্যাংকের কনসালটেন্ট ভেনকাটা নোকালা শেওলা শুল্ক স্টেশন এলাকা পরিদর্শন করার সময় এ অভিব্যক্তি করেন। তিনি জানান স্থল বন্দরে উন্নীত বিশ্বব্যাংকের অবকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করবে। এসময় তার সাথে ছিলেন স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-সহকারি প্রকৌশলী রুহুল আমিন।
শেওলা শুল্ক স্টেশন এলাকা পরিদর্শন শেষে ভেনকাটা নোকালা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এ শুল্ক স্টেশনটি স্থল বন্দর করার মতো উপযোগী বলে আমার কাছে মনে হয়েছে। আন্তর্জাতিক স্থলবন্দরে উন্নীত হলে এখানকার কর্মব্যস্ততা বৃদ্ধি পাবে এবং ভারত-বাংলাদেশ দুই দেশই উপকৃত হবে।
জানা যায়, ইতোমধ্যে বিয়ানীবাজার শেওলা শুল্ক স্টেশনকে আন্তর্জাতিক স্থলবন্দরে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান কয়েক মাস পূর্বে শেওলা শুল্ক স্টেশন পরিদর্শন শেষে স্থল বন্দরে উন্নীত করার ঘোষণা দিলে বন্দর কর্তৃপক্ষ প্রক্রিয়া শুরু করে জানিয়ে স্থলবন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী হাসান আলী বলেন, জায়গা অধিগ্রহণ সম্পন্ন হলে বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হবে।
তিনি জানান, এখনো প্রজেক্ট সম্পন্ন হয়নি। তবে স্থল বন্দরে উন্নীত করতে হলে অবকাঠামো উন্নয়নে এখানে ৫০ কোটি টাকার মতো ব্যয় হবে। স্থলবন্দর কর্তৃপক্ষ ভূমি অধিগ্রহণসহ আনুয়াঙ্গিক কার্যক্রমে অর্থায়ন করবে আর অবকাঠামো উন্নয়ন হবে বিশ্বব্যাংকের অর্থায়নে।
বিশ্বব্যাংকের কনসালটেন্ট ভেনকাটা নাকোলা শেওলা শুল্ক স্টেশন পরিদর্শন কালে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী রামেন্দ্র হোম চৌধুরীসহ শেওলা শুল্ক স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য