সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০১৯ ১৭:১৮

মুক্তিযুদ্ধ প্রশ্নে নিরপেক্ষতার সুযোগ নেই : মেয়র আরিফ

সিসিকের পক্ষ থেকে ৩৪১ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান প্রদান

সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। এখানে কোন নিরপেক্ষতার সুযোগ নেই।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগর ভবনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন, এই দেশের সূর্য সন্তানদের সংবর্ধনা জানাতে পেরে সিলেট সিটি করপোরেশন গর্বিত।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের পক্ষ থেকে মহানগরীর ৩৪১ জন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সিসিকের কর কর্মকর্তা চন্দন দাশ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

আরো বক্তব্য দেন সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লৌদী, আজম খান, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, এসএম শওকত আমীন তৌহিদ, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, মাসুদা সুলতানা।

প্রতিবছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাধুবাদ জানিয়ে মুক্তিযোদ্ধারা বলেন, সিটি করপোরেশনে মুক্তিযোদ্ধারা যেকোনো কাজে গেলে ভালো সেবা ও বিনয়ী আচরণ পেয়ে থাকেন তারা।

অনুষ্ঠানে সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন, সিলেটের সুধীজন, সিটি করপোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত