১৬ ডিসেম্বর, ২০১৯ ২০:৪৭
যথাযথ মর্যাদায় সিলেটের গোলাপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে গোলাপগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বিজয়ের ৪৮তম বার্ষিকীতে গোলাপগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে সূর্যোদয়ের সাথে সাথে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানান উপজেলাবাসী। শীত ও কুয়াশা উপেক্ষা করে সূর্য উঠার আগে থেকে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণির পেশার শত শত মানুষ শহিদ মিনারে জড়ো হন। মুখরিত হয়ে উঠে উপজেলার আশপাশ এলাকা।
সকাল ৬ টা ২৩মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির ও পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ পৌর পরিষদ, ঊপজেলা ও পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মহান বিজয় দিবসে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে উপজেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি, আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমীনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
পরে আনসার ও ভিডিপি'র গোলাপগঞ্জ ইউনিট, স্কাউটস, গার্লস গাইড, কাব এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১১ টায় সুন্দিশাইলে অবস্থিত ২৩ শহীদের মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, এবং আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ। দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তি যুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করে।
আপনার মন্তব্য