জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ

১৭ ডিসেম্বর, ২০১৯ ০২:০৮

বিজয় দিবসে বিএনপি নেতার স্কুলে পরীক্ষা!

১৬ ডিসেম্বর সারা দেশব্যাপী পালিত হয় বিজয় দিবস। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানেও নানা আয়োজনে পালিত হয় দিবসটি। তবে ব্যতিক্রম ছিলো সিলেটের বিশ্বনাথের ‘ইছহাক একাডেমি’।

বিশ্বনাথের রামপুরের বিএনপি নেতা মিজানুর রহমান মোজাহিদের ‘ইছহাক একাডেমি’তে পালন করা হয়নি বিজয় দিবস! ১৬ ডিসেম্বর সরকারি ছুটির দিনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হলেও ওই একাডেমিতে ঘটেছে তার উল্টো। বিজয় দিবস পালনের বদলে একাডেমিতে নেওয়া হয়েছে পরীক্ষা! ওইদিন দুপরে একাডেমির ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ‘আইসিটি’ পরীক্ষা নেওয়া হয়।

জানা গেছে, ২০০৬ সালে বিএনপি ও জামায়াতের কয়েকজনকে নিয়ে মিজানুর রহমান মোজাহিদ তার বাবার নামে রামপুর গ্রামে ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি ওই গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে ও খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে ওই একাডেমিতে নার্সারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৬টি শ্রেণিতে মোট ৩০৮জন শিক্ষার্থী লেখাপড়া করছেন।

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এএইচএম ফিরোজ আলী বলেন, জামায়াত ও বিএনপি নেতাদের প্রতিষ্ঠান হওয়ায় প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত ওই একাডেমিতে রাষ্ট্রীয় কোন দিবস পালন করা হয়নি।

বিজয় দিবসে পরীক্ষা নেওয়ার বিষয়টি স্বীকার করে একাডেমির প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, ভুল হয়ে গেছে। এমনটি আর হবে না।

একাডেমির পরিচালক বিএনপি নেতা মিজানুর রহমান মোজাহিদ বলেন, রুটিনে পরীক্ষা ছিল না, শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বের কারণে এমনটা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব বলেন, ওই একাডেমিটি শিক্ষা অফিসের নিয়ন্ত্রণে নেই, এটা একাডেমির পরিচালকের ইচ্ছেমতো চলে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল বলেন, ইছহাক একাডেমির পরিচালক ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি বিষয়টি জানিয়েছেন এবং প্রয়োজনে লিখিত আবেদনও জানাবেন।

আপনার মন্তব্য

আলোচিত