নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০১৯ ১২:১১

ওসমানীতে ২২ সোনার বার উদ্ধার, আটক ১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার মূল্য এক কোটি টাকারও উপরে। এ সময় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের এক যাত্রীর দেহ তল্লাশি করে বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমসের যু্গ্ম কমিশনার মিনহাজ উদ্দিন বেলা পৌনে ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানা যায় দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে সোনা চোরাচালান হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে তারা বিমান অবতরণের পর ভেতরে তল্লাশি করেন এবং এই বিমানে আসা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোমিন উদ্দিন মামুন নামের এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কাস্টমস কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ শুরু করেন। তার পাসপোর্ট চেক করে দেখা যায় তিনি প্রতিমাসেই দুবাইয়ে যাওয়া আসা করেন।

''তার আচরণে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তার দেহ তল্লাশি করে জুতার ভেতরে পলিথিন দিয়ে মোড়ানো আড়াই কেজি ওজনের ২২টি সোনার বার উদ্ধার করেন, যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা।''

তিনি আরও জানান, মোমিন উদ্দিন মামুনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত