কমলগঞ্জ প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০১৯ ১৯:৩৬

কমলগঞ্জে এক বছরে ৭০ ট্রান্সফরমার চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের আওতাধীন এলাকা থেকে গত এক বছরে প্রায় ৭০টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করেছে চোর চক্র। চুরির কারণে গ্রাহকরা নতুন ট্রান্সফরমার কিনতে গিয়ে ২২ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতির লোকসান হয়েছে ২০ লাখ টাকা। গ্রাহকদের এতো ক্ষতি হলেও ট্রান্সফরমার চোর চক্রকে আইনের আওতায় আনা যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এতে চুরিরমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত কমলগঞ্জ জোনাল অফিসের নিয়ন্ত্রণে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার দুই হাজার চারশত কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনের আওতায় রয়েছে প্রায় সাড়ে তিনশ গ্রাম। গ্রাহক সংখ্যা ৯৫ হাজারেরও উপরে। বিভিন্ন গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখতে স্থাপিত পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটিতে রয়েছে ৫, ১০, ১৫ ও ২৫ কেভি ধারণক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারগুলো এখন আর নিরাপদে নেই। তামা জাতীয় মূল্যবান কয়েলের লোভে প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে ট্রান্সফরমার চোর চক্র। চলতি বছরের নভেম্বর মাসেই শুধু চুরি হয়েছে সাতটি ট্রান্সফরমার। এভাবে প্রতিনিয়ত চোরচক্র রাতের আঁধারে গ্রাম থেকে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছে।

এক হিসাবে দেখা গেছে, ২০১৮ সালের নভেম্বর হতে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার আদমপুর, কান্দিগাঁও, চিৎলয়া, যোদ্ধাপুর, গোপালনগর, তিলকপুর, নয়াপত্তন, ধর্মপুর, জালালপুর, রাজকান্দি, নছরতপুর, ছয়ছিড়ি, যুগিবিল, বাসুদেবপুর, সিদ্বেশরপরু পুথিমপাশা, পুটটিবি, কাজীগাঁও হাসানপুর, পাল্লাকান্দিনর্তন, কর্মদা, তিলীশিজুড়া, হাজীপুরসহ প্রায় ৩৫টি গ্রাম থেকে ৫ কেভি ১১টি, ১০ কেভি ৩৫টি, ১৫ কেভি ২১টি ও ২৫ কেভি ৩টিসহ মোট ৭০টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। ৩৫টি গ্রামের প্রায় ৭০টি ট্রান্সফরমার এর মূল্য প্রায় ৪৩ লাখ টাকা। আর গ্রাহকদের পরিশোধ করতে হয়েছে প্রায় ২২ লাখ টাকা। কারণ সমিতির নিয়ম অনুযায়ী চুরি যাওয়া ট্রান্সফরমারের অর্ধেক মূল্য পরিশোধ করতে হয় গ্রাহকদের।

পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ হতে চুরি রোধে গ্রাহকদের সচেতনতামূলক লিফলেট ও মাইকিং করার পাশাপাশি খুঁটিতে লোহার শিকল, নাট ওয়েল্ডিং দিয়ে ট্রান্সফরমার মোড়ানোর জন্য উদ্বুদ্ধ করলেও কোনো কাজ হচ্ছে না। চোরচক্র রড কেটে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছে। এতে করে নিয়মিত ট্রান্সফরমার চুরির ঘটনা বাড়ছে। পল্লী বিদ্যুতের কমলগঞ্জ জোনাল অফিস হতে ট্রান্সফরমার চুরি হলে থানায় মামলা দিয়ে তাদের দায়িত্ব শেষ করে। তাদের অভিযোগ পুলিশ ট্রান্সফরমার চোরদেরকে আটক করতে না পারায় চুরি বাড়ছে।

কমলগঞ্জ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি ট্রান্সফরমার চুরি বেড়ে গেছে। এতে করে সমিতি ও গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চোররা যাতে চুরি করতে না পারে সেজন্য সমিতির পক্ষে থেকে সচেতনতামূলক লিফলেট বিলি, লোহার শিকল, নাট ওয়েল্ডিং করে ট্রান্সফরমার রক্ষার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিগত সময় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে। বর্তমানে চুরির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত