সিলেটটুডে ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৯ ০১:০৮

শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় মনোনিবেশের পরামর্শ ফরাস উদ্দিনের

বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন বলেছেন, বর্তমানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃষিখাত ১৫%, শিল্পখাত ৩০% ও সেবাখাত ৫৩% অবদান রাখছে। সারা পৃথিবীতে কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত বিশাল ভূমিকা পালন করছে।

তিনি বর্তমান প্রজন্মকে সাধারণ শিক্ষায় শিক্ষিত না হয়ে কারিগরি শিক্ষায় অধিকতর মনোনিবেশ করার পরামর্শ দেন। তিনি উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে শিল্পন্নোয়নে বিশেষ করে ক্ষুদ্র শিল্পের বিকাশে সরকারকে ভূমিকা রাখারও আহবান জানান। প্রাক্তন এই গভর্নর বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের বর্বরতার পর বঙ্গবন্ধুর সোনার বাংলার অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে অর্থনীতিকে পাকিস্তানী ধারায় নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধুর আদর্শ জীবিত থাকায় এবং তাঁর সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ আবার এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে রবিবার “MSME for Job Creation and Disparity Reduction”  শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ ফরাস উদ্দিন এসব কথা বলেন। ব্যাংকের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ।

যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরীর পরিচালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল কালাম। কি-নোট পেপার উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী। মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জসিম উদ্দিন আহমদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিলেট উইমেন চেম্বারের সভানেত্রী স্বর্ণলতা রায়, আলীম ইন্ডস্ট্রিজ লি. এর ম্যানেজিং ডিরেক্টর আলীমুল এহসান চৌধুরী, আবুল ইন্ডস্ট্রিজের স্বত্বাধিকারী আবুল মিয়া প্রমুখ। সেমিনারে সিলেটে কার্যরত বাণিজ্যিক ব্যাংকসমুহের প্রধানগণ ও নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত