মৌলভীবাজার প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০১৯ ২২:২৫

ডাক্তার না হয়েও রোগী দেখে জরিমানার কবলে মৌলভীবাজারে ইসমাইল

এসএস ইসমাইল আহমেদ মৌলভীবাজারের একটি ফার্মেসির কর্ণধার। তিনি ডাক্তার না হয়েও দীর্ঘদিন থেকে ডাক্তার সেজে প্রতারণা করে যাচ্ছেন সাধারণ রোগীদের সাথে। এমনকি ওষুধ সংক্রান্ত কোনো প্রশিক্ষণ না থাকা স্বত্বেও তাকে দেখাতে আসা রোগীদের দিয়ে যাচ্ছিলেন অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন রকম ওষুধও।

অবশেষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভুয়া ডাক্তার প্রমাণিত হয়ে জরিমানা গুনতে হলো মৌলভীবাজারে এস এস ইসমাইল আহমেদকে। মঙ্গলবার ভোক্তা অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন ৪০ হাজার টাকা জরিমানা করেন তাকে।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলার গোরারাই বাজারে অবস্থিত গাউছিয়া উসমান ফার্মেসির মালিক এসএস ইসমাইল আহমেদ ভুল ওষুধ দিচ্ছেন এবং ডাক্তার না হয়েও ডাক্তারের পদবি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছেন। এমন অভিযোগ এনে মুমিনা বেগম নামের একজন সেবাপ্রার্থী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

তাঁর অভিযোগ আমলে নিয়ে মঙ্গলবার মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে অভিযোগকারী এবং অভিযুক্তের বক্তব্য শুনেন সহকারী পরিচালক। উক্ত শুনানিতে অভিযোগকারী এবং অভিযুক্তের বক্তব্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে প্রতীয়মান হয় যে, এস এস ইসমাইল আহমেদ ডাক্তার নন। এমনকি ওষুধ সংক্রান্ত কোনো প্রশিক্ষণও তার নেই। শুধু তাঁর বাবা ডাক্তারি করতেন এই অজুহাতে প্যাডের কাগজে তাঁর নামের আগে ডাক্তার উল্লেখ করে অ্যান্টিবায়োটিকসহ গুরুত্বপূর্ণ ওষুধ রোগীদের প্রেসক্রাইব করেন।

সব তথ্য-প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ইসমাইলকে ৪০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। পরে আইন অনুযায়ী অভিযোগকারী মুমিনা বেগমকে জরিমানার ২৫% হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত