০৬ মে, ২০২০ ০০:৩৮
আজ (বুধবার) থেকে নগরীর একটি হোটেলে থাকবেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার কর্মরত সকল চিকিৎসক ও সেবিকারা। এতোদিন হাসপাতালের কাজ শেষে বাসায়ই ফিরতে হতো তাদের। ফলে ঝুঁকিতে ছিলেন ওইসব স্বাস্থ্যকর্মীদের পরিবারের সদস্যরাও।
তবে আজ বুধবার থেকে চিকতিৎসক ও সেবিকারা নগরীর দরগাহ গেইট এলাকার হোটেল হলি গেইটে উঠবেন বলে স্বাস্থ্য অধিপ্তরের কর্মকর্তারা্ জানিয়েছেন। ইতোমধ্যে হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তিও সম্পন্ন হয়েছে। এছাড়া অন্য সহ স্বাস্থ্যকর্মীরা থাকবেন খাদিমের বিআরডিটিআই'র রেস্ট হাউজে।
তবে এ ব্যাপারে এখনও কিছুই জানেন না বলে জানিয়েছেন শামসুদ্দিন হাসপাতালে কর্মরত এক স্বাস্থ্যকর্মী। এই হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট বেনু ভূষণ দাশ সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, হাসপাতালে কাজ করে বাসায় ফিরতে হয় আমাদের। এতে পরিবারের সদস্যরাও ঝুঁকির মধ্যে পড়ছে। এছাড়া প্রতিবেশিরাও আমাদের এখন বাঁকা চোখে দেখে।
তিনি বলেন, আমরা আলাদা আবাসনের জন্য অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা হয়নি।
যদিও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার কর্মরত সকল চিকিৎসক-সেবিকাসহ স্বাস্থ্যকর্মীদের হোটেল হলি গেটে থাকার ব্যবস্থা করা হয়েছে। এর আগে বিআরডিটিআই রেস্ট হাউজে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এখন এই দুই জায়গায় সমন্বয় করে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে এখানে কোয়ারেন্টিনে রাখা হবে। এরপর যদি প্রয়োজন হয় অন্য আরেকটি হোটেল ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, এর আগে কয়েকজন চিকিৎসককে নগরীর সিটি হোটেলে রাখা হয়েছিল। তাদেরকেও হলি গেটে শিফট করা হবে। বুধবার ডিউটি শেষ করে তারা এই হোটেলে উঠবেন।
হোটেল হলি গেইট কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মো. শোয়েব। তিনি সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, এ ব্যাপারে সকল প্রকার চুক্তি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোভিক-১৯ চিকিৎসা প্রটোকল অনুযায়ী যতদিন চিকিৎসা সংশ্লিষ্টদের কোয়ারেন্টিন প্রয়োজন ততদিনই এই হোটেলে থাকবেন করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার সাথে সংশ্লিষ্টরা। বুধবার থেকে তারা হোটেলে উঠবেন।
দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার ঘোষণা করে করোনা আক্রান্ত ও করোনার উপসর্গ থাকা রোগীদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে একানকার চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের হাসপাতালের কাজ শেষে ফিরতে হতো নিজেদের বাসায়।
এ অবস্থায় করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ ও ত্রাণকার্যের সমন্বয়ে সিলেট জেলার দায়িত্বরত পাট সচিব লোকমান হোসেন মিয়া, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা ও সার্বিক প্রস্তুতি দেখতে আসেন। এসময় তিনি করোনা আক্রান্তদের চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সকলের আবাসনের জন্য হোটেলের ব্যবস্থা করার জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সিলেট নগরীর দরগা এলাকাস্থ হোটেল হলি গেটের সাথে কথা বলে সব কিছু চূড়ান্ত করা হয়।
আপনার মন্তব্য