কমলগঞ্জ প্রতিনিধি

০৬ মে, ২০২০ ২০:২৮

ব্যাংক লকডাউন: উপকারভোগীদের ভাতা প্রদান করা হল খেলার মাঠে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক লি. শমশেরনগর শাখার প্রায় দেড় সহস্রাধিক উপকারভোগীদের বিভিন্ন প্রকারের ভাতা প্রদান করা হয়েছে। সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখতে শমশেরনগর চা বাগান খেলার মাঠে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী উপকারভোগীদের ভাতা প্রদান করেন সোনালী ব্যাংক লি. শমশেরনগর শাখা কর্তৃপক্ষ।
 
বুধবার (৬ মে) সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান খেলার মাঠে ভাতা গ্রহণ করেন প্রায় দেড় সহস্রাধিক মানুষ।

খেলার মাঠে ভাতা প্রদানের উদ্যোগ নিলে বৃষ্টি কারণে এই উদ্যোগ কিছু সময়ের জন্য বাধাপ্রাপ্ত হয়ে। তবে বৃষ্টি থামার পর ভাতাভোগীরা সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ান। বৃষ্টির পানির মধ্যে মাঠের মাঝে দাঁড়িয়ে ভাতাভোগীরা অস্থায়ী কাউন্টার থেকে ভাতা গ্রহণ করেন। এ সময় ভাতাভোগেীদের সামাল দিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দায়িত্ব পালন করেন।

সোনালী ব্যাংক লি: শমশেরনগর শাখার ব্যবস্থাপক রিপন মজুমদার বলেন, সম্প্রতি দুই জনের করোনা সনাক্ত হওয়ার কারণে সোনালী ব্যাংকের কমলগঞ্জ শাখা লকডাউন ঘোষণা করা হয়। এর পর থেকে শমশেরনগর শাখায় অস্বাভাবিক চাপ বেড়ে যায়। এমতাবস্থায় ব্যাংক শাখায় কার্য দিবসে কোনভাবে প্রায় দেড় সহস্রাধিক উপকারভোগীর ভাতা প্রদান সম্ভব নয়। তাই বুধবার বৌদ্ধ পূর্ণিমার ছুটির দিনে শমশেরনগর চা বাগান খেলার মাঠে ভাতা প্রদান করা হয়েছে।

এ সময় শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আশিকুর রহমান, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী শনিবার (৯ মে) সাপ্তাহিক ছুটির দিনে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সামনের খোলা মাঠে সে ইউনিয়নের প্রায় ২ হাজার ভাতাভোগীদের মাঝে ভাতা প্রদান করা হবে বলে জানান সোনালী ব্যাংক লি. শমশেরনগর শাখার ব্যবস্থাপক রিপন মজুমদার।

এদিকে কমলগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক লিমিটেড মুন্সীবাজার শাখা কর্তৃক রহিমপুর ইউনিয়ন পরিষদ সম্মুখে উপকারভোগীদের ভাতা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সোনালী ব্যাংক লি. মুন্সীবাজার শাখা ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান অপু।


আপনার মন্তব্য

আলোচিত