শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

০৬ মে, ২০২০ ২০:৪৩

শায়েস্তাগঞ্জে টিসিবির পণ্য বিক্রয়ে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ে মানা হচ্ছে না কোন ধরণের সামাজিক দূরত্ব।

বুধবার (৬ মে) সামাজিক দূরত্ব না মানার চিত্র লক্ষ্য করা যায় শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে । মঙ্গলবার একই চিত্র দেখা যায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজারে। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে ঝুঁকি নিয়ে খাদ্যসামগ্রী কিনছেন শত-শত মানুষ।

তবে টিসিবির পণ্যের প্যাকেজ ৫ লিটার তেল, ৪ কেজি চিনি, ২ কেজি ছোলা ডাল, ও ১ কেজি মুসুরি ডাল একত্রে বিক্রি করা হচ্ছে ৭৭০ টাকায়।
সামাজিক দূরত্ব না মানলেও ন্যায্যমূল্য এ পণ্য পেয়ে অনেক খুশি মনে মানুষকে বাড়ি ফিরতে দেখা গেছে।

সম্প্রতি হবিগঞ্জে করোনাভাইরাসের প্রভাব বিস্তার দেখা দিলে লক ডাউনের ঘোষণা দেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। পাশাপাশি জনসাধারণকে ঘরে থাকতে দেয়া হচ্ছে সব ধরনের সুযোগ-সুবিধা।  নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্রয় করার নির্দেশ প্রদান করলে লাইনে দাঁড়ানোর এমন চিত্র রীতিমত ভয়ানক বলে মনে করছেন অনেকেই।

টিসিবির পণ্য বিক্রেতা পবিত্র রায় বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রি করার। বার বার ক্রেতাদের বললেও তারা এসব শুনছেন না। যে কারণে অনেক সময় সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন, সামাজিক নিরাপদ দূরত্ব ৩ ফিট বজায় রেখে চলা-ফেরার নির্দেশনা দেয়া আছে। কিন্তু তারপরও মানুষজন দূরত্ব বজায় রাখছেন না। লোকজনকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পর্যন্ত করা হচ্ছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, সচেতনতার অভাবে মানুষ সামাজিক দূরত্ব মানছেন না। জনসাধারণকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তবে পুলিশ-প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা মিলে আমরা একযোগে কাজ করছি।

আপনার মন্তব্য

আলোচিত