০৬ মে, ২০২০ ২১:৫৭
পরিবেশ নষ্টকারী পোল্ট্রি ফার্ম বন্ধ করে এলাকাবাসীকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জুড়ীর আমতৈল গ্রামের বাসিন্দারা।
বুধবার (৬ মে) বেলা ৩টায় জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে স্থানীয় রাধাকান্ত দাস, আহমদ আলী, রুবি রানী দাস বলেন, এই এলাকার বাসিন্দা দ্বীন বন্ধু সেন অনেকদিন থেকে বন্ধু পোল্ট্রি ফার্ম নাম দিয়ে লেয়ার মুরগির বিশাল ফার্ম দিয়েছেন। ঘনবসতিপূর্ণ এলাকা থাকায় পরিবেশ নষ্টকারী, দুর্গন্ধযুক্ত এ ফার্ম এলাকার বাহিরে করার দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। কিন্তু পোল্ট্রি ফার্মের মালিক তা না করে বরং এলাকায় সমস্যা সৃষ্টি করেছেন। এ কারণে এলাকাবাসী উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
তারা বলেন, গত ১ মে উপজেলা চেয়ারম্যান এই গ্রামে আসলে পূর্ব পরিকল্পিত ভাবে ফার্মের মালিক তার কিছু মানুষকে নিয়ে ফার্মের কিছু অংশ ভাঙচুর করে আমাদের এলাকাবাসীর নামে মামলা দায়ের করে। যা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত কাজ। রাজনৈতিক ফায়দা হাসিল করতে কিছু প্রতিপক্ষ এ বিষয়টিকে রাজনৈতিকভাবে নেওয়ার চেষ্টা করছে বলে ও অভিযোগ করেন তারা।
এলাকাবাসী আরও বলেন, গত ১ মে সংঘটিত ভাংচুরের পর তারা নিরীহ বদরুল নামক একজনের বাড়িতে গিয়ে হামলা করে তাকে মারধর করে। পরবর্তীতে আমরা এ নিয়ে থানায় অভিযোগ দিয়েছি। দুর্গন্ধযুক্ত, অনুমোদন বিহীন অবৈধ এই পোল্ট্রি ফার্ম থেকে এলাকার সবাইকে রক্ষার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা। আমতৈল এবং পার্শ্ববর্তী গ্রামের প্রত্যেক পরিবারের একজন করে প্রায় ৩০-৩৫ জন নারী-পুরুষ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য