কমলগঞ্জ প্রতিনিধি

০৯ মে, ২০২০ ০২:০৯

কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে চা শ্রমিকের মৃত্যু, নমুনা সংগ্রহ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউপির মৃর্তিঙ্গা চা বাগানের শ্রমিক দৈবকী উড়াং (৫৫) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি বাগানের সুরেশ উড়াং এর স্ত্রী। শুক্রবার (৮ মে) রাত ৯টায় এ ঘটনাটি ঘটলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা রাত ১০টায় নিহতের নুমনা সংগ্রহ করেন।

দৈবকী উড়াং বাগানের পাথরটিলা এলাকার শ্রমিক বস্তিতে থাকতেন। জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথা নিয়ে ঘুমের মধ্যেই তিনি মারা যান।

শুক্রবার রাত সাড়ে ১০টায় মৃর্তিঙ্গা চা বাগানের বাসিন্দা রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরী বলেন, বিষয়টি প্রথমে নিহতের পরিবার কাউকে জানায়নি। পরে জানা যায়, গত ২/৩ দিন ধরে সুরেশ উড়াং এর স্ত্রী দৈবকী উড়াং জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথায় ভোগছিলেন। শুক্রবার তিনি কোন খবার না খেয়ে বিকেলে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৯টায় তাকে আবার খাবারের জন্য ঘুম থেকে তুলতে গিয়ে দেখা যায় বিছায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন দৈবকী উড়াং। পরে বিষয়টি জানাজানি হলে রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করলে রাত ১০টায় একজন মেডিক্যাল অফিসারের নেতৃত্বে একটি মেডিকেল টিম মৃর্তিঙ্গা চা বাগানে এসে নিহতের নুমনা সংগ্রহ করেন। এ ঘটনার পর থেকে মৃর্তিঙ্গা চা বাগানের সাধারণ চা শ্রমিকদের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, নিহত বৃদ্ধার নুমনা সংগ্রহ করা হয়েছে। শনিবার এ নমুনা সিলেট পাঠানো হবে। নমুনা পরীক্ষার রিপোর্ট না পেলে বোঝা যাচ্ছেনা বৃদ্ধা করোনা আক্রান্ত ছিলেন কি না। তবে আপাতত তার পরিবার সদস্যদের লকডাউনে থাকতে বলা হয়েছে।  

আপনার মন্তব্য

আলোচিত