শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

১০ মে, ২০২০ ২০:৩৬

করোনাকালে এমপি আবু জাহিরের ব্যতিক্রমী উদ্যোগ

শায়েস্তাগঞ্জে ওএমএস কার্ডধারীদের টাকা পরিশোধ করলেন এমপি

অসচ্ছল মানুষের জন্য সরকার চালু করেছে বিশেষভাবে খোলা বাজারে চাল বিক্রির (এএমএস) ব্যবস্থা। তবে এ সময়ে ১০ টাকা কেজি দরে চাল গ্রহণের সামর্থ্যও নেই অনেকের। অপারগ অসংখ্য কর্মহীন শ্রমজীবী। এ অবস্থায় হবিগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ ৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।

নিজের বেতন-ভাতার টাকা দিয়ে পরিশোধ করে যাচ্ছেন ওএমএস কার্ডধারীদের চালের মূল্যে। উপকারভোগীরা পাচ্ছেন বিনামূল্যে ১০ টাকা কেজির চাল।

রোববার (১০ মে) দুপুরে জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার ১ হাজার ৮০০ ওএসএস কার্ডধারীর বিপরীতে ১ লাখ ৮০ হাজার টাকা তিনজন ডিলারের হাতে তুলে দেন এমপি আবু জাহির।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া ও জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান, সেচ্ছাসেবকলীগ নেতা আতাউর রহমান মাসুক, প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কয়েকজন অসচ্ছল ব্যক্তি জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে ওএমএস কার্ড হাতে পেয়ে তারা অনেক খুশি হন। পরবর্তীতে যখন জানতে পারেন এই টাকাও শোধ করে দিচ্ছেন তাদের নির্বাচিত প্রতিনিধি, তখন আরও বেশি আনন্দিত হন তারা।

এই সুবিধাভোগকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এমপি আবু জাহিরের প্রতি। এর আগে হবিগঞ্জ পৌরসভার বিশেষ ওএমএস কার্ডধারী ৬ হাজার অসচ্ছল লোকের পক্ষে নিজেই টাকা পরিশোধ করেন তিনি। এর মধ্যে ৪ হাজার মানুষের টাকা নিজের ব্যক্তিগত তহবিল থেকে এবং বাকী ২ হাজার মানুষের টাকা দেয়া হয় জেলা আওয়ামী লীগের ইফতারের টাকা দিয়ে।

আপনার মন্তব্য

আলোচিত