শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

১১ মে, ২০২০ ১৬:২২

শায়েস্তাগঞ্জে বাণিজ্যিক ভিত্তিতে মাল্টা চাষ

শায়েস্তাগঞ্জে মাল্টা চাষ এখন জনপ্রিয় হয়ে উঠছে। এখানকার মাটি মাল্টা চাষের উপযোগী হওয়ায় ফলনও ভালো হচ্ছে। কম জায়গায় এবং অল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় মাল্টার বাণিজ্যিক আবাদের দিকে অনেকেই ঝুঁকছেন।

মাল্টা বাগানের মালিক শায়েস্তাগঞ্জ উপজেলার মো. কাউছার চৌধুরী। চার বছর আগে গাছ লাগানো হয়েছে। গত বছরও ফল বিক্রি করছেন প্রায় ২৫ হাজার টাকার। এবার তিনি ২০ শতক জায়গার উপর চাষ করেছেন। এ বছর বাম্পার ফলন হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে প্রায় দেড় লাখ টাকার মাল্টা বিক্রি করতে পারবেন তিনি।

বিজ্ঞাপন

শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবাধানে বাগানটি গড়ে উঠছে।

তার এই বাগান করা দেখে এ উপজেলার অনেকেই এখন মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। রাসায়নিকমুক্ত হওয়ায় বাজারে এ ফলের বেশ চাহিদাও রয়েছে। বাগান থেকে প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা দরে। চারা রোপণের দুই বছরের মধ্যে গাছে ফলন শুরু হলেও মূলত তিন বছরে একটি গাছে পূর্ণাঙ্গভাবে ফল ধরা শুরু করে।

তিন বছর বয়সী একটি গাছে প্রতি মৌসুমে ৪০০ থেকে সাড়ে ৪৫০টি মাল্টা ধরে। দূরদূরান্ত থেকে ফল ব্যবসায়ীরা বাগানের মাল্টা কিনে নিয়ে যান। অনেকে আগাম বুকিং দিয়েও মাল্টা কিনেন।

সরকারি পৃষ্ঠপোষকতা ও স্বল্প সুদে ব্যাংক ঋণ পেলে আরও বড় পরিসরে উন্নতজাতের মাল্টা চাষ করবেন বলে এই উদ্যোক্তা জানান। তার বাগানের মাল্টা সারাদেশে বাজারজাত করাসহ নার্সারির নাম সারাদেশে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন তিনি।

মাল্টা বাগানের মালিক কাউছার চৌধুরী বলেন, আমি চাই এলাকার যুবকরা এ ধরনের বাগান করে স্বাবলম্বী হোক। আমাকে কৃষি অফিস সার্বিক সহযোগিতা করার ফলে মাল্টার বাম্পার ফলন হয়েছে। এ বিষয়ে যে কেউ আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। আমি আরও বড় পরিসরে মাল্টা বাগান করার চেষ্টা করছি। এ বছর মাল্টা বিক্রি শেষে বাগান বর্ধিতকরণ কাজে হাত দিবো।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ২০১৬ সালে কাউছার চৌধুরীকে মাল্টা ফলের চারা, সার আর কিছু টাকা দেই। তিনি ২০ শতক জমিতে ওই চারাগুলো রোপনণ করেন। কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবাধানে মাল্টা বাগানটি গড়ে উঠেছে। আর এবার মাল্টার বাম্পার ফলন হয়েছে। এছাড়াও শায়েস্তাগঞ্জের নছরতপুরে আরও একটি মাল্টা বাগান আছে। আর কেউ যদি মাল্টা বাগানে আগ্রহী হয় কৃষি অফিস সব ধরনের সহযোগিতা করবে। মাল্টা একটি লাভজনক ফল।

আপনার মন্তব্য

আলোচিত