নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২০ ১৯:৩৯

অনলাইনে অনন্ত বিজয় দাশকে স্মরণ

মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাশ হত্যার ৫ বছর পূর্ণ হয়েছে আজ মঙ্গলবার (১২ মে)। প্রতিবছর সিলেটে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই দিনে অনন্ত বিজয় দাশের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করে থাকে। তবে এবছর করোনা সংক্রমণের কারণে অনলাইনেই স্মরণ করা হয়েছে এই বিজ্ঞান লেখককে।

বিজ্ঞাপন

গণজাগরণ মঞ্চ, সিলেটের পক্ষ থেকে এ উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র অনলাইনে প্রকাশ করা হয়েছে। যাতে অনন্তকে স্মরণের পাশাপাশি এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন খুন হওয়া এই লেখকের সহযোদ্ধারা।

এছাড়া সিলেটের নাট্যসংগঠন নগরনাট'র অনন্তকে নিয়ে একটি গান প্রকাশ করেছে অনলাইনে।

অরূপ বাউলের সম্পাদনায় গণজাগরণ মঞ্চের প্রামাণ্যচিত্রকে অনন্তকে স্মরণের পাশাপাশি হত্যার বিচার দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, মুক্তমনা লেখক রায়হান আবির, প্রকাশ আহমেদুর রশীদ টুটুল, নাগরিক সংগঠক আব্দুল করিম কিম, নাট্য সংগঠক রজতকান্তি গুপ্ত, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, একুশ তাপাদার, পাপলু বাঙালি, মুখপাত্র দেবাশীষ দেবু। এতে অনন্ত বিজয় দাশকে নিয়ে গান গেয়েছেন নাট্যকর্মী উজ্জ্বল চক্রবর্তী।

অনন্ত'র বিভিন্ন সময়ের ছবি দিয়ে তৈরি এই প্রামাণ্যচিত্রে ধারাবর্ণনা করেছেন দেবাশীষ তালুকদার শুভ্র।

এদিকে, নগরনাট'র পক্ষ থেকে অনন্ত বিজয় দাশকে নিয়ে একটি গান অনলাইনে প্রকাশ করা হয়েছে। অনন্ত'র স্মৃতি বিজড়িত নগরীর বিভিন্ন স্থানে গানটির দৃশ্যায়ন করা হয়েছে।

এ প্রসঙ্গে নগরনাট'র সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চ, সিলেটের সংগঠক অরূপ বাউল বলেন, অনন্ত বিজয়ের হত্যার দিনটি প্রতিবছর আমরা নানা প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে পালন করি। তার স্মৃতিতে নির্মিত স্মারকস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করি। এবার করোনাভাইরাস সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আমরা রাজপথে কোনো কর্মসূচি না দিয়ে অনলাইনেই খুন হওয়া এই সহযোদ্ধাকে স্মরণের পাশাপাশি হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে উগ্রবাদীরা কুপিয়ে হত্যা করে লেখক অনন্ত বিজয় দাশকে। পাঁচ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচারকাজ।

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত