১৩ মে, ২০২০ ১৫:৩৫
২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে বিয়ানীবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজারো গাছ উপড়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। পল্লী বিদ্যুৎ লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো উপজেলা।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় বিয়ানীবাজারে এ কালবৈশাখী ঝড় বয়ে যায়।
জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে হঠাৎ করে বিয়ানীবাজার উপজেলার উপর দিয়ে ২০ মিনিট স্থায়ী প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হয়। পৌরসভার কসবা গ্রামের শত বছরের পুরাতন গাছ পড়ে গেছে ঝড়ের তাণ্ডবে। উপজেলার কুড়ার বাজারে বেশ কয়েকটি দোকানের টিন উড়িয়ে নিয়ে যায় এ ঝড়।
বিজ্ঞাপন
অপর দিকে ঝড়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে অর্ধশতাধিক পাকা-আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে প্রধান সড়কসহ সব অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়কে গাছ ও বাঁশ ভেঙ্গে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটায়।
এছাড়া উপজেলার শতাধিক স্থানে পল্লী বিদ্যুতের সঞ্চালন ও সরবরাহ লাইনের খুঁটি ভেঙে পড়েছে এবং লাইন ছিঁড়ে গেছে। এর ফলে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
পল্লীবিদ্যুৎ এর ডিজিএম অভিলাশ চন্দ্র পাল বলেন, ঝড়ে লণ্ডভণ্ড অবস্থা। প্রধান সঞ্চালন লাইনসহ সব পর্যায়ের সরবরাহ লাইন ছিঁড়ে গেছে। অনেক জায়গায় খুঁটি ভেঙে পড়েছে। সব এলাকায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাচ্ছি। আমাদের প্রকৌশলী থেকে সব পর্যায়ের দায়িত্বশীলরা সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বলেন, এখন ঝড়ের সময়। উপজেলাজুড়ে ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির সংবাদ এসেছে। পুরো ক্ষতি আসার পর বোঝা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ।
আপনার মন্তব্য