তাহিরপুর প্রতিনিধি

১৩ মে, ২০২০ ২০:০৮

মুক্তিযোদ্ধা সাদেক আলীর পাশে দাঁড়িয়েছেন সাংসদ রতন ও ইউএনও

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দীর্ঘ দিন যাবত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি।

বুধবার (১৩ মে) বিকাল ৩ টায় উপজেলার মধ্যতাহিরপুর গ্রামে গিয়ে অসুস্থ মুক্তিযোদ্ধা সাদেক আলীর পরিবারের খোঁজ খবর নেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা সাদেক আলীর চিকিৎসার জন্য এমপি রতন নগদ ১০ হাজার টাকা সহযোগিতা করেন। 

এসময় তাহির পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, ১ম শ্রেণীর ঠিকাদার মো. মাঈন উদ্দিনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একইদিন সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫ হাজার ও সমাজ সেবা কার্যালয় থেকে ৫ হাজার টাকা, চিকিৎসা ভাতাসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মুক্তিযোদ্ধা সাদেক আলীর বাড়িতে গিয়ে নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি।

এসময় তিনি মুক্তিযোদ্ধার সার্বিক খোঁজ খবর নেন এবং প্রধানমন্ত্রী বিশেষ প্রকল্পের মাধ্যমে একটি ঘর নির্মাণ করে দেওয়ার কথা বলেন। এবং উপজেলা প্রশাসন সব সময় পাশে আছে বলে তিনি আশ্বস্থ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক ডা. সুমন চন্দ্র বর্মণ, সালাহ উদ্দিন মুনসহ স্থানীয় লোকজন।

বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর সন্তান শাওন জানান, ইউএনও স্যার ফোন দিয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছেন। তিনিেআজ সকালে এসে চিকিৎসা ভাতাসহ নগদ ১১ হাজার ৮০০টাকাসহ খাদ্য সহায়তা দিয়েছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, বুধবার সংবাদ মাধ্যমে জানার পর মুক্তিযোদ্ধা সন্তানের সাথে ফোনে কথা বলে খোঁজ নিয়েছিলাম এবং সহায়তার আশ্বাস দিয়েছিলাম। মুক্তিযোদ্ধা সাদেক আলীর বিষয়ে আমাকে কেউ জানায়নি। জানালে আগেই সহায়তা করা হত।

উল্লেখ্য,সাদেক আলী ৫ বছর যাবত প্যারালাইজড রোগে আক্রান্ত। ‘অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন মুক্তিযোদ্ধা সাদেক আলী’ মঙ্গলবার সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হলে তা সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নজরে পরে। পরে বুধবার মুক্তিযোদ্ধার বাড়ীতে গিয়ে তার খোঁজ খবর নেন ও আর্থিক সহায়তা করে আসেন।

আপনার মন্তব্য

আলোচিত