১৫ অক্টোবর, ২০২৫ ০২:৩৩
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপি দাশ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত অপি দাশ চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিন্টু দাসের ছেলে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকার একটি ফুলের দোকানের সামনে কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে অপির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তির সময় দুর্বৃত্তরা অপিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে অপি দাস ও তার সঙ্গে থাকা তানিম নামের এক যুবক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক অপিকে মৃত ঘোষণা করেন।
আহত তানিম বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। আসামি শনাক্ত করা হয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। আটক হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য