১৭ এপ্রিল, ২০১৯ ১৪:৪৪
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন। লাঠি ও হকিস্টিকের আঘাতে তার পা ভেঙেছে, জখম হয়েছে ডান হাত।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আজাদী বাজার সড়কের দায় মোল্লা তালুকদার বাড়ি এলাকায় দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি এম এস আকাশের ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে, যাদের একজন নিজেকে ছাত্রলীগ সমর্থক বলেছেন।
রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত আকাশ জানান, রাতে সাড়ে ১০টার দিকে আজাদী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। দায় মোল্লা তালুকদার বাড়ি এলাকায় সড়কের মোড়ে গাড়ির গতি কমালে তারা আমার ওপর হামলা করে। ৭-৮ জন হামলাকারীর সবাই ছিল মুখোশ পরা ছিল।
হামলাকারীরা এলোপাতাড়ি লাঠি ও হকিস্টিক দিয়ে তাকে আঘাত করে বলে জানান আকাশ।
চিকিৎসকের বরাত দিয়ে আকাশের সহকর্মী জীবন মুসা জানান, আকাশের বাম হাঁটুর নিচের হাড় ভেঙে গেছে। ডান বাহুতেও আঘাত আছে।
বুধবার সকালে হাসপাতালে আহত সাংবাদিক এম এস আকাশকে দেখতে এসে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের এসপি নুরে আলম মিনা।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নঈমউদ্দিন নামের একজন হামলার ঘটনা বিষয়ে জানতেন বলে আমাদের জানিয়েছেন। তিনি নিজেকে স্থানীয় ছাত্রলীগ সমর্থক হিসেবে দাবি করেছেন।
আটকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আরিফুর রহমান।
আপনার মন্তব্য