২৭ আগস্ট, ২০১৯ ১৪:০৪
বেনাপোল স্থল বন্দরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার সময় বেনাপোল স্থল বন্দরের ৩৫ নং শেডে এ আগুনের সূত্রপাত ঘটে।
আগুনে ওই শেডে রাখা আমদানিকৃত কেমিক্যাল পণ্য পুড়ে যায়। এ সময় বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, বন্দরের শ্রমিকরা এক যোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণের জন্য। সকাল ১০টার দিকে বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট এসে আধঘণ্টা কাজ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সংঘটিত ৩৫ নং শেড বেনাপোল বন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
বেনাপোল বন্দরের শ্রমিকরা বলেন, হঠাৎ কেমিক্যাল ষ্টোর (গোডাউন) ৩৫ নম্বরে আগুন এর সূত্রপাত দেখা যায়। তখন আমরা আগুন নিয়ন্ত্রণের জন্য গ্যাস ব্যবহার করি। এরপর বেনাপোল স্থল বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট এসে কাজ করে। কিছু সময় পর বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
৩৫ নং শেডের ইনচার্জ মনির হোসেন বলেন, এখানে লিকুইড কেমিক্যাল ছিল। কিভাবে এই কেমিক্যাল পণ্যে আগুনের সূত্রপাত ঘটেছে তা তদন্ত না করে বলা যাবে না। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ সুমন হোসেন বলেন, বেনাপোল বন্দরের ৩৫ নং শেডে আগুনের কাজ আধাঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এই মুহূর্তে বলা যাবে না।
স্থল বন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাস বলেন, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কিভাবে আগুন লেগেছে তা তদন্ত না করে কিছু বলা যাবে না। এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আগুন লাগার ঘটনাটি বন্দর চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তদন্ত শেষে কি কারণে আগুন লেগেছে ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যাবে বলে জানান তিনি।
আপনার মন্তব্য