২৯ আগস্ট, ২০১৯ ১১:১৪
গাজীপুর নগরীর সালনা এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে থানায়।
বুধবার রাত পৌনে ২টার দিকে সালনার মোল্লাপাড়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
র্যাব-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সুজন মিয়া (৪০) টঙ্গীর আরিচপুরের চাঁন মিয়ার ছেলে। তিনি অস্ত্র ও মাদক চোরাকারবারে জড়িত ছিলেন বলে র্যাবের অভিযোগ।
কামরুজ্জামান বলেন, একদল অস্ত্র চোরাকারবারি সালনা এলাকায় জড়ো হয়েছেন খবর পেয়ে র্যাবের একটি দল রাতে সেখানে অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র্যাবও তখন পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সুজন গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ সুজন মিয়াকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, সুজনের বিরুদ্ধে মাদক আইনের ১১টি, অস্ত্র আইনের একটি এবং একটি হত্যা মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
র্যাবের সৈনিক কামরুল ইসলামও এ অভিযানে আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে দুটি শটগান, দুটি ওয়ান শুটার গান, ৯ রাউন্ড কার্তুজ ও ১২শ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আপনার মন্তব্য