৩১ আগস্ট, ২০১৯ ০৯:৫২
নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আওলাদ হোসেন মিঠুন (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় তার চার সহযোগীকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) ভোররাতে মাধবদী শহরের টাঁটাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
আওলাদ হোসেন মাধবদী থানার টাঁটাপাড়া মহল্লার জাকির হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবদুল গাফফার জানান, পুলিশের তালিকাভুক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিঠুনকে তার সহযোগী সোহেলসহ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকা থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারে নামে গোয়েন্দা পুলিশ। এ সময় আগে থেকে উঁৎ পেতে থাকা মিঠুনের অন্যান্য সহযোগীরা গোয়েন্দা পুলিশের ওপর আতর্কিত হামলা চালায়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে বেশ কয়েকজন পালিয়ে যায়। এতে ডিবি পুলিশের দুই সদস্যসহ মিঠুন আহত হয়। তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় মিঠুনের সহযোগী সন্ত্রাসী হৃদয় (২২), মাইনুল (২৪), মেহেদি হাসান (২৫) কে দুটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকের ডজন খানেক মামলা রয়েছে।
আপনার মন্তব্য