সিলেটটুডে ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩২

দুই আওয়ামী লীগ নেতার বাসায় কোটি টাকা, ৭২০ ভরি সোনা

ক্যাসিনো ও অবৈধ জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গেন্ডারিয়ার মুরগিটোলায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার বাসায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র‍্যাব ৩।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ১ কোটি ৫ লাখ অবৈধ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায়।

ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ জানান, এনামুল হক ও রুপন ভূঁইয়া নামের গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের দুই নেতার বাসায় অভিযান চালানো হয়েছে।

গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গ্রেপ্তার হওয়া এনামুল হক থানা আওয়ামী লীগের সহসভাপতি আর রুপন ভূইয়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন। অভিযোগ প্রমাণিত হলে আমরা এ দুজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

র‍্যাব–৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিউল্লাহ বুলবুল জানান, আজ সকাল ১০টায় এনামুল হক ও রুপন ভূঁইয়ার বাসায় অভিযান চালানো হয়। কিন্তু তারা দুজনই পালিয়ে গেছেন। তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানি না, তবে তারা নিজেদের নামে বেশ কিছু পোস্টার টানিয়েছে।

র‍্যাব জানায়, এনামুল হক ও রুপন ভূঁইয়া ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার।

আপনার মন্তব্য

আলোচিত