১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:৩৯
নওগাঁর সাপাহারে এক বৃদ্ধা মায়ের অভিযোগে ছেলে সিরাজুল ইসলামকে আটক করে থানা পুলিশ। অবশেষে মায়ের আকুতির প্রেক্ষিতেই ওই সন্তানকে থানা থেকে মুক্ত করে নিয়ে যায় সেই বৃদ্ধা মা।
বৃদ্ধা উপজেলার ময়নাকুড়ী গ্রামের মৃত জাফর আলীর স্ত্রী মাজেদা বিবি (৭০)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বৃদ্ধা মার ২ সন্তান সিরাজুল ইসলাম ও খোস মোহাম্মাদের মধ্যে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এক পর্যায়ে সন্তান সিরাজুল তার বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেয়। বৃদ্ধা মা মাজেদা বিবি প্রথমে থানায় অভিযোগ করেন এবং পরবর্তীতে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর নিকট যান।
বৃদ্ধা মায়ের আকুতির প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য পুলিশ সুপার সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাইকে বিষয়টি সমাধানের নির্দেশ দিলে গত বৃহস্পতিবার বেলা ১১টায় সাপাহার থানা পুলিশ অভিযুক্ত সন্তান সিরাজুলকে আটক করে থানা নিয়ে যায়। কিন্তু মায়ের মন বলে কথা... তিনি চাননা তার সন্তান জেলহাজতে থাকুক।
এরপর বৃদ্ধা মা থানার অফিসার ইনচার্জকে (ওসি) অনুরোধ করলে সাপাহার থানা পুলিশ মধ্যস্থতায় দিনভর আলোচনা করে বিষয়টি নিরসন করে বৃদ্ধা মার সন্তানকে শর্তসাপেক্ষে বৃহস্পতিবার রাতেই তার কাছে ফিরিয়ে দেয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, বৃদ্ধা মার আকুতির প্রেক্ষিতে অভিযুক্ত সিরাজুলকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে বৃদ্ধা মাকে কোন প্রকার নির্যাতন বা বাড়ি থেকে বের করে দিলে অভিযুক্ত সিরাজুলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য