বেনাপোল প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি , ২০২০ ০১:৪২

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল ইউনিয়ন পরিষদের হলরুমে জাস্টিস এন্ড কেয়ার, বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার লাল মিয়া শেখ, আমেরিকা ও রাশিয়ার জাস্টিস এন্ড কেয়ারের প্রতিনিধি দল, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, শাহাবুদ্দিন আহমেদসহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং মসজিদের ইমামগণ।

এসময় জাস্টিস এন্ড কেয়ারের যশোর প্রজেক্ট অফিসার অপূর্ব সাহা বলেন, গত ৪ বছরে ভারতে পাচারের শিকার হয়েছে এমন ৩৫৫ জনকে দেশে ফেরত আনা হয়েছে। প্রতিবছর যে পরিমাণ পাচার হচ্ছে তার মাত্র ৫ শতাংশ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের ভাগ্যে কী ঘটছে তা জানা সম্ভব হচ্ছেনা।

তিনি বলেন, সীমান্তে বিজিবি, পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা এবং এনজিও সংস্থাগুলো কাজ করলেও নারী-শিশু পাচার দিনদিন কমছে না, বরং বেড়েই চলেছে। এর কারণ হচ্ছে পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। পাচারকারীরা ভেবেই নিয়েছে এমন অপরাধ করলে পার পাওয়া যায়।

সভায় পরস্পর পাচার প্রতিরোধে মতবিনিময় ও প্রতিরোধে সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মন্তব্য

আলোচিত