প্রদীপ সাহা, সাপাহার

০৪ ফেব্রুয়ারি , ২০২০ ২০:৫৮

সাপাহারে দুর্ঘটনা ও যানজট এড়াতে ওভারব্রিজ নির্মাণের দাবি

নওগাঁর জেলার ১১টি উপজেলার মধ্যে অন্যতম উপজেলার মধ্যে সাপাহার উপজেলা অন্যতম। এই উপজেলার আয়তন ২৪৪.৪৯ বর্গকিলোমিটার, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৭৯২ জন। তবে অনেকের ধারণামতে বর্তমানে লোকসংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে যাবে।

বর্তমানে উপজেলা সদরে বিভিন্ন জেলা উপজেলা হতে আগত বিভিন্ন ব্যবসায়ী এবং লেখাপড়া করতে আসা লোকজন সহ প্রায় ৭০/৭৫ হাজার লোকজন সদরেই বসবাস করছে বলে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী জানিয়েছেন।

বর্তমানে সরকারের ডিজিটাল উন্নয়নের ছোঁয়ায় উপজেলা সদরটি এখন শিক্ষা নগরীতে পরিণত হয়েছে। এই উপজেলা সদরে রয়েছে বৃহত্তম দু’টি বিদ্যাপীঠ সাপাহার সরকারি ডিগ্রি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজ। এছাড়া ৫টি উচ্চবিদ্যালয় ২টি বালিকা উচ্চ বিদ্যালয়, ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি টেকনিক্যাল ও ভোকেশনাল বিদ্যালয়, ৮/১০টি বেসরকারি প্রাথমিক/কিন্ডার গার্টেন এবং একটি প্রতিবন্ধী বিদ্যালয়ও রয়েছে।

কলেজগুলিতে বেশ কয়েকটি বিষয়ের ওপর অনার্স কোর্স চালু রয়েছে। নওগাঁ জেলার সন্তান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি’র একান্ত প্রচেষ্টায় সাপাহার উপজেলাকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয়েছে। উপজেলাটি সীমান্ত ঘেঁষা হলেও এই উপজেলার উপর দিয়ে গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের সবকটি উপজেলায় যোগাযোগের সুগম সড়ক পথ রয়েছে। ফলে উপজেলাটির গুরুত্ব আরও বেড়ে গেছে।

এছাড়া উপজেলা সদরের অতি গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট থেকে চারদিকে চারটি রাস্তা বের হয়ে গেছে। প্রতিদিনের অধিকাংশ সময় এই জিরো পয়েন্টে যানজট লেগেই থাকে যার ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা, বাজারে আসা লোকজন, সরকারি কর্মচারীগণসহ প্রতিটি সেক্টরের মানুষ নিজ নিজ গন্তব্যে পৌঁছতে অধিক সময় লেগে যায়।

রাস্তায় চলাচলকারী ঢাকাগামী ডে-নাইট কোচ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বগুড়া নওগাঁগামী গাড়ি চলাচল করে। অসংখ্য ভ্যান, অটোভ্যান, ব্যাটারি চালিত ইজিবাইকসহ বিভিন্ন ধরনের ভুটভুটি এই রাস্তায় সব সময় চলাচল করে এবং বিশেষ করে চালকদের ড্রাইভিং প্রশিক্ষণ না থাকায় তারা রাস্তায় ঠিকঠাক চলতে পারে না এবং ট্রাফিক আইন না বোঝার ফলে হরহামেশা দুর্ঘটনা ও যানজট লেগেই থাকে।

উপজেলার সর্বস্তরের জনসাধারণ দাবি গুরুত্বপূর্ণ জিরো পয়েন্টের যানজট ও দুর্ঘটনা এড়াতে ত্বরিতগতিতে এখানে ট্রাফিক সার্জন নিয়োগ অথবা পথচারীদের অবাধে পথ চলাচলের জন্য চার রাস্তায় চারমুখী একটি ওভারব্রিজ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত