০৬ ফেব্রুয়ারি , ২০২০ ০২:৪৩
অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৫ কিশোরকে ২ বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসারা হলো, বাগেরহাটের রহমান খানের ছেলে সাব্বির হোসেন (১৭), জামাল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৭), হেমায়েতের ছেলে সফিকুর রহমান (১৭), খুলনা জেলার দেবাশিষ গাইনের ছেলে শান্তনু গাইন (১৬) ও কাদের খানের ছেলে সাবির খান (১৮)।
বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, ভালো কাজের আশায় দালাল চক্রের প্রলোভনে পড়ে দুই বছর আগে তারা ভারতে পাড়ি জমায়। পরে সেখানে ভারতীয় পুলিশের কাছে আটক হয়ে তারা কোলকাতার লিলুয়া হোম নামে একটি সেন্ট্রাল হোমে থাকে। সেখান থেকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরত আসে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআই রবিউল ইসলাম বলেন, ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারি দুটি সংস্থা মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিস এন্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হবে।
মহিলা আইনজীবী সমিতির এরিয়া কোয়ার্ডিনেটর নাছিমা বেগম বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের যশোর নিয়ে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মন্তব্য