বেনাপোল প্রতিনিধি

১৬ মার্চ, ২০২০ ১১:৫৭

যশোরে ইতালিফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

যশোরের শার্শায় ইতালি থেকে আসা এসএম আব্দুর রশিদ (৫৩) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়িতে 'হোম কোয়ারেন্টাইনে' রাখা হয়েছে।

ইতালি থেকে আসা আব্দুর রশিদ শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের মেঠপাড়ার মৃত রাহাতুল্লার ছেলে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুপ আলী বলেন, ১৩ মার্চ ইতালি থেকে বিমান যোগে আবুধাবি বিমানবন্দরে অবতরণ করার পর বাংলাদেশ এয়ারলাইনসযোগে শাহাজালাল বিমানবন্দরে আসেন। পরে সেখান থেকে পরিবহনে করে নিজ বাড়ি টেংরা গ্রামে আসেন।

শনিবার সন্ধ্যায় জামতলা বাজারে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জানান।

রাতেই তাকে বাইরে ঘুরা ফেরা না করার জন্য কঠোর নির্দেশনা দিয়ে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বক্ষণিক তার গতিবিধি লক্ষ্য করার জন্য দুজন স্বাস্থ্য সহকারীকে সর্তক রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, ইতালি থেকে ফিরে আসা ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সার্বক্ষণিক তৎপর রয়েছে।

এদিকে ইতালি থেকে গ্রামে ফিরে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। সে যাতে ১৪ দিনের আগে বাড়ির বাইরে আসতে না পারে সে ব্যাপারে প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য এলাকাবাসী দাবি করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত