০৮ এপ্রিল, ২০২০ ১৯:৩০
করোনায় ভারতে লকডাউন ঘোষণার পর কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরও ৫০ জন বাংলাদেশি যাত্রী বিশেষ ব্যবস্থায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। দেশে ফেরার পরই তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন।
বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা দেশে ফিরেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য কেন্দ্রের ডা. জাহিদুল ইসলাম জানান, বুধবার দেশে ফেরা ৫০ বাংলাদেশি যাত্রীকে সতর্কতার সাথে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরও ৫০ জন বাংলাদেশি যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল বলেন, ভারত থেকে ফেরত আসা ৫০ জন পাসপোর্ট যাত্রীকে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হবে। সরকারী ভাবেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা, খাদ্যসামগ্রীর ব্যবস্থাসহ নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ দিনে বেনাপোল বন্দর দিয়ে ১৫০ জন বাংলাদেশে ফিরে এসেছেন। আরও অনেক বাংলাদেশী পাসপোর্টযাত্রী বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। ইতোমধ্যেই বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে ও কাগজপুকুর ট্রাক টার্মিনালকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে।
আপনার মন্তব্য