সিলেটটুডে ডেস্ক

১৯ মার্চ, ২০২১ ১৭:৪৩

করোনায় আরও ১৮ মৃত্যু, শনাক্ত ১৮৯৯

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৮৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে মারা গেছেন আরও ১৮ জন। এনিয়ে দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ হাজার ৬৪২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ১৪১ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৯৮৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯১৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৬৮ হাজার ১১১টি।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ১১ জন পুরুষ, সাত জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন। আর রংপুর ও ময়মনসিংহ বিভাগে এক জন করে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে দুই জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত