সিলেটটুডে ডেস্ক

০৫ জুলাই, ২০২১ ১৪:১৮

চট্টগ্রামে একদিনে রেকর্ড ৫৫৯ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৫৫৯ জন। আর একই সময়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। চট্টগ্রামে করোনা রোগী শনাক্তের ক্ষেত্রে এটি রেকর্ড। এর আগে গত ৩০ জুন ৫৫২ জন শনাক্ত হয়েছিল।

সোমবার (৫ জুলাই) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

এতে শনাক্তদের মধ্যে নগরীর ৪১৪ জন। নগরীর বাইরের বিভিন্ন উপজেলার ১৪৫ জন আছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩৪ দশমিক ১২ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘন্টায় রাউজানে ৩৬ জন, সীতাকুণ্ডে ১৮ জন, রাঙ্গুনিয়ায় ১৫ জন, পটিয়ায় ১২ জন এবং বাঁশখালীতে ১০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। বাকি উপজেলাগুলোত সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০ জনের নিচে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের একজন শহরের ও চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সরকারি হিসাব অনুসারে চট্টগ্রামে এখন পর্যন্ত ৬০ হাজার ৯২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৭ হাজার ৩৮১ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৩ হাজার ৫৪৬ জন।

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭২২ জন। এর মধ্যে নগরীর ৪৮২ জন এবং বিভিন্ন উপজেলার ২৪০ জন আছেন।

আপনার মন্তব্য

আলোচিত