সিলেটটুডে ডেস্ক

১০ জুলাই, ২০২১ ১৩:১৫

সিলেট বিভাগে করোনা শনাক্তের হার ৫৫.১ শতাংশ, জেলায় ৬০.৩৩

সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্তের হার আগের সব রেকর্ড ভেঙেছে। বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় পরীক্ষাকৃত নমুনার মধ্যে ৫৫ দশমিক ৪১ শতাংশের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে জেলা হিসেবে সিলেটে শনাক্তের হার সবচেয়ে বেশি। গত চব্বিশ ঘণ্টায় শুধু সিলেট জেলায় শনাক্তের হার ৬০ দশমিক ৩৩ শতাংশ।

শনিবার (১০ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, বিভাগের ৭১১টি নমুনা পরীক্ষা করে রেকর্ড শনাক্তের হারে ৩৯৪ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। হার বিবেচনায় বিভাগে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে সিলেট জেলায়।

সিলেট জেলায় ৪৮৪টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬০ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া, সুনামগঞ্জে ৩৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের, হবিগঞ্জে ৭৮টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের এবং মৌলভীবাজারে ১১৪ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার যথাক্রমে ৩৭ দশমিক ১৪ শতাংশ, ৪৪ দশমিক ৮৭ শতাংশ এবং ৪৭ দশমিক ৩৭ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত