১১ জুলাই, ২০২১ ১২:০৪
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৫ এপ্রিল সর্বোচ্চ ১১ জনের মৃত্যু দেখেছিল চট্টগ্রাম। এই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। এর মধ্য দিয়ে বন্দরনগরীতে আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়ে গেছে।
রোববার (১১ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) ২ হাজার ৮২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তদের মধ্যে নগরীর ৪১৬ জন। নগরীর বাইরের বিভিন্ন উপজেলার ২৯৩ জন আছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩৪ দশমিক শূন্য ৫ শতাংশ।
চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘন্টায় সীতাকুণ্ডে ৫৪, হাটহাজারীতে ৪৮, মীরসরাইয়ে ৩৩, চন্দনাইশে ২৯, ফটিকছড়িতে ২৩, রাঙ্গুনিয়ায় ১৮, সন্দ্বীপে ১৬, সাতকানিয়ায় ১৫, পটিয়ায় ১৪, বোয়ালখালীতে ১১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এছাড়া বাঁশখালীতে ৮ জন ও লোহাগাড়ায় ৪ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৭ জন নগরীর ও বাকি ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৫ হাজার ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫০ হাজার ১৩৪ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৪ হাজার ৮৭৪ জন।
করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৭১ জন। এর মধ্যে নগরীর ৪৯৭ জন এবং বিভিন্ন উপজেলার ২৭৪ জন আছেন।
আপনার মন্তব্য