২৫ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৭
মঙ্গলবার নির্বাচন কমিশনের সাথে ঐক্যফ্রন্টের বৈঠকে ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার মধ্যে কথাকাটাকাটি হয়েছে। এসময় দুজনই উচ্চস্বরে কথা বলেন। কথাকাটাকাটির একপর্যায়ে বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন ঐক্যফ্রন্ট নেতারা।
বৈঠক সূত্রে জানা যায়, নিজের বক্তব্যের এক পর্যায়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে আপত্তির মন্তব্য করেন ড. কামাল হোসেন। এতে ক্ষেপে যান সিইসি। তিনি ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে বলেন, আপনি নিজেকে কী মনে করেন?
বৈঠকে ড. কামাল সিইসি কে এম নূরুল হুদার উদ্দেশে বলেন, সিইসি বর্তমানে প্রধান বিচারপতির চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন। আপনি ইচ্ছা করলে জানোয়ার-লাঠিয়াল পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার এই লাঠিয়াল পুলিশ বাহিনী আমাদের মিটিং-মিছিল কিছুই করতে দিচ্ছে না। এমনকি বেলা ২টার পর মাইক ব্যবহারের জন্য আমাদের নির্দেশনা দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ ও তার জোটের নেতাকর্মীরা নিয়ম-কানুন না মেনে পুলিশের সহায়তায় প্রচার চালিয়ে যাচ্ছে।
ঐক্যফ্রন্টের আহ্বায়ক আরও বলেন, পুলিশ ও আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী আমাদের ওপর হামলা করছে। আমাদের প্রার্থীদের জীবনের দাম না থাকলেও কর্মীদের জীবনের দাম রয়েছে। তাদের তো সেভ করতে হবে।
এ সময় সিইসিও উত্তেজিত হয়ে পড়েন। ড. কামাল হোসেনকে উদ্দেশ করে সিইসি বলেন, আপনি এমন কী হয়েছেন যে, পুলিশকে লাঠিয়াল-জানোয়ার বলেছেন। নিজেকে কী মনে করেন?
এ সময় ঐক্যফ্রন্টের নেতারা বক্তব্য দেয়া শুরু করেন। একপর্যায়ে মির্জা ফখরুল ইসলাম নেতাদের সামলানোর চেষ্টা করেন। এরপর ড. কামাল সিইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বৈঠক থেকে বেরিয়ে যান।
পরে প্রেস বিফ্রিংয়ে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিইসির আচরণ ভদ্রজনিত ছিল না। এজন্য আমরা সভা বয়কট করেছি। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। ইসি সরকারের পক্ষ হয়ে গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, সিইসি কোনো ভদ্রসূচিত আচরণ করেননি। আমরা পুলিশের দ্বারা নির্যাতিত হওয়ার কথা জানালে তিনি কোনো সহানুভূতি না জানিয়েছে হঠাৎ করেই পুলিশের পক্ষেই অবস্থান নেন। তাই আমরা বৈঠক থেকে চলে এসেছি।
সিইসির নেতৃত্বে কমিশনের পক্ষ থেকে কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য