শ্রীমঙ্গল প্রতিনিধি

২০ জুন, ২০২৬ ২০:১৮

শ্রীমঙ্গলে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন জাতীয় চা পুরস্কার

জাতীয় চা দিবস উদযাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ষ্ঠ জাতীয় চা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার (২০ জুন) সকালে বাণিজ্য মন্ত্রনালয়ের আয়োজনে শ্রীমঙ্গল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে জাতীয় চা দিবস উদযাপন করা হয়েছে।

পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় চা দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান, টি প্ল্যান্টার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নিয়াজ আলী চিশতী এবং চা শ্রমিক নেত্রী সনতকি রায়।

প্রধান অতিথির বক্তব্য মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন,বর্তমান বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। তাই আমাদের চা শিল্পকেও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। উন্নত জাতের চা উৎপাদন, গবেষণা, আধুনিক কারখানা, উন্নত প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ওপর আরও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব চা চাষ নিশ্চিত করতে হবে।

জাতীয় চা দিবসে বিভিন্ন ক্যাটাগরীতে মোট আট ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

একর প্রতি সর্বোচ্চ উৎপাদনে শ্রীগেবিন্দুপুর চা বাগান, সর্বোচ্চ গুনগতমানসম্পন্ন চা উৎপাদনে মধুপুর চা বাগান, শ্রেষ্ঠ চা রফতানিকারক দি কনস্যুলিটেডেট টি এ্যান্ড ল্যান্ডস কোম্পানী, শ্রেষ্ঠ ক্ষুদ্রায়ন চা উৎপাদনকারী মো. মতিউর রহমান, শ্রমিক কল্যানে শ্রেষ্ঠ বাগান মির্জাপুর চা বাগান, দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন মোড়ক ও বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণে কাজী এন্ড কাজী টি এস্টেট, শ্রেষ্ঠ চা পাতা চয়ণকারী (চা উত্তোলন) নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার এছাড়াও উত্তরাঞ্চলে চা শিল্পকে উৎসাহিত করায় শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা ক্যাটাগরীতে সুপ্রিম টি লিমিটেড কে বিশেষ পুরস্কার দেওয়া হয়৷

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৭২টি নিবন্ধিত চা বাগান রয়েছে। এর মধ্যে ৯২টি চা বাগান মৌলভীবাজার জেলায় অবস্থিত।
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন চা কোম্পানীর স্টলে নানান জাতের চা প্রদর্শণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত