নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২০ ০০:১৭

ধর্ষকদের ক্রসফায়ার চান নির্মলেন্দু গুণ

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খানকে হত্যার পর ক্রসফায়ারের নামে বিনা বিচারে হত্যার দাবি ওঠেছে বিভিন্ন মহল থেকে। সিনহা হত্যা নিয়ে আলোচনা রেশ কাটতে না কাটতেই দেশে ঘটে চলছে একের পর এক ধর্ষণের ঘটনা।

গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এক তরুণীকে ধর্ষণের পর থেকে দেশে প্রায় প্রতিদিনই একাধিক ধর্ষণের ঘটনা ঘটে চলছে। এনিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এসব ধর্ষকদের বিচার দাবিতে আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ।

তবে বিচারের মাধ্যমে শাস্তি নয়, ধর্ষকদের ক্রসফায়ারের দাবি তুলেছেন কবি নির্মলেন্দু গুণ।

সোমবার এ প্রসঙ্গে ফেসবুকে দেওয়া এক পোস্টে নির্মলেন্দু গুণ লেখেন-
 

“ধর্ষণের বিরুদ্ধে এইবার মানুষ যেভাবে সোচ্চার হয়েছে, তেমনটি পূর্বে কখনও হয়নি। জাতি এখন ক্রস-ফায়ারের অপেক্ষায় আছে। মনে হচ্ছে, ধর্ষণকে ‘না’ ও ক্রস-ফায়ারকে ‘হ্যাঁ’ বলার জন্য বাংলাদেশ এখন সম্পূর্ণ প্রস্তুত। মাদকবিরোধী অভিযানে যদি শত শত ক্রস-ফায়ার চলতে পারে, ধর্ষণবিরোধী অভিযানে কেন নয়? আমরা ধর্ষণের শেষ দেখতে চাই। অনেক সয়েছি, আর নয়।”

এরআগে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও এমসি কলেজের ধর্ষকদের ক্রসফায়ারের দাবি জানিয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত