টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Advertise
খুরশীদ শাম্মী | ১৬ ডিসেম্বর, ২০২২
আজ ১৬ই ডিসেম্বর। বাংলাদেশের বিজয়ের ৫১ বছর। দীর্ঘ নয়মাস যুদ্ধ শেষে একটি লাল সবুজ পতাকা ও ৫৫,৫৯৮ বর্গমাইলের একটি মানচিত্র অস্তিত্বের স্বীকৃতি পেয়েছিল এইদিনে। শ্রদ্ধাভরে স্মরণ করি আমি তাঁদের, যাঁদের মেধা, কৃতিত্ব, বীরত্ব ও আত্মত্যাগে লাল বিজয় সূর্যটি উদিত হয়েছিল ১৯৭১ সালে। আমরা পরাধীনতার অভিশাপ থেকে মুক্ত হয়েছিলাম।
ভালো মন্দ মিলে যেমন প্রতিটি জীবন, তেমন ভালো মন্দ মিলে আমাদের দেশ, বাংলাদেশ। আছে মুক্তির স্বাদ, আছে অভাব-অনটন কাটানোর প্রচেষ্টা। অসততা কিছুটা অধিক দৃষ্টিগোচর হলেও, সততা আছে সাধারণ জনগণের জীবনযাত্রায়। রাষ্ট্রীয় পর্যায়ে বিশ্বের অন্যান্য উন্নত দেশের সাথে সমানতালে চলার প্রতিযোগিতা চলছে এখনো। রাতারাতি কোনকিছুই সম্ভব নয়, সুতরাং আমাদের জন্য এপথ দীর্ঘ। তবে,পথটি সহজ হতে পারে, যদি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অনৈতিক কার্যকলাপগুলো বন্ধ করা সম্ভব হয়। একদিনে হয়তো সকলে নৈতিকতার পক্ষে ঝাঁপিয়ে পড়বে না। তবে শুরুটা হতে পারে মুক্তিযোদ্ধাদের দিয়ে।
বিজয়ের ৫১ বছরে এসে আমার একটা বিশেষ অনুরোধ কেবলমাত্র ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতি, দয়া করে মিথ্যা গল্পে নিজেকে একজন মুক্তিযোদ্ধা পরিচয় দেবেন না। আমার বিবেচনায় যুদ্ধে অংশগ্রহণে ব্যর্থ হওয়া কোনো অপরাধ নয়। বরং, স্রোতে গা ভাসিয়ে মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধায় ভাগ বসানোটাকে আমি অপরাধ হিসেবে দেখি।
জীবনে একজন যোদ্ধা পরিচয়ে পরিচিত হওয়ার লোভ থেকেই তো মিথ্যার আশ্রয় নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সাজা!
মানুষ বিভিন্ন কারণে ইচ্ছে থাকলেও যুদ্ধে অংশগ্রহণ করতে ব্যর্থ হতে পারে, যেমন বয়স, পারিবারিক অঙ্গীকার, শারীরিক অবস্থা, মানসিক স্বাস্থ্য, আর্থিক অবস্থা, ইত্যাদি। কর্ম ও বিশ্বাসে দেশদ্রোহী না হলেই হলেই হলো।
নানাবিধ কারণে আমরা যারা মুক্তিযুদ্ধ করতে পারিনি, তো কী হয়েছে? সকলকেই যে সকল কিছু করতে হবে কিংবা করতে পারবে, এমন তো কোনো নিয়ম আমার জানা নেই। জীবনটাই যেখানে যুদ্ধক্ষেত্র, সেখানে মুক্তিযুদ্ধ করতে না পারলেও জীবন যুদ্ধে যে আমরা বেঁচে আছি, তা-ও বা কম কী?
সকল প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বিজয়ের লাল সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা।
মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।
আপনার মন্তব্য