১৭ নভেম্বর, ২০২৬ ০৭:৩০
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে দলটির নেতা-কর্মীদের ওপর গাছের ডাল দিয়ে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় তাদের ওপর এ হামলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভেন্যুর প্রধান ফটকের সামনে ব্যারিকেডের ভেতরে কয়েকজনকে গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি পেটানো হচ্ছে। তবে হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অপর একটি ভিডিওতে দেখা যায় এনসিপি ও আওয়ামী লীগ সমর্থকদের মারামারির দৃশ্য দেখা যায়। ওই ভিডিওতে দুই পক্ষে একে অন্যের দিকে ঢিল ছুঁড়তে এবং গাছের ডাল দিয়ে হামলা ও পালটা হামলা করতে দেখা যায়।
এর আগে মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি বক্তব্যও দেন। এ সংবর্ধনাকে কেন্দ্র করে ভেন্যুর বাইরে বিক্ষোভ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি নাহিদ ইসলামের নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয় বেসরকারি নিরাপত্তাকর্মী। নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ফেসবুক প্রোফাইলের লিংকসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন আয়োজকেরা।
গত শুক্রবার যুক্তরাজ্যে পৌঁছান নাহিদ ইসলাম।
ঘটনা প্রসঙ্গে নাহিদ ইসলাম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।
আপনার মন্তব্য